

ডেস্ক নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে আরও আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বাহিনীতে শিগগিরই যুক্ত হবে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সিস্টেম, মোবাইল গ্যাপ ফিলার রাডার এবং সর্বাধুনিক এয়ার ডিফেন্স রাডার। আমি আশা করি এর মাধ্যমে একদিন হয়তো বাংলাদেশে যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারও তৈরি করতে সক্ষম হবে, ইনশা আল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি, যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ (শীতকালীন) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিমানবাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে তাঁর সরকার বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতায় আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন বিমান, হেলিকপ্টার, রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সমরাস্ত্র এবং মুখ্য যন্ত্রপাতি সংযোজন করেছে।