

এম আর বাবু, জীবননগর (মহেশপুর):
বিজিবি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ হতে ভারতের ৩টি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮টি বিওপিতে মিষ্টি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষ হতে এ মিষ্টি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দর্শনার নিমতলা থেকে শুরু হয়ে জীবননগর উপজেলা ও ঝিনাইদহ জেলার মহেশপুর সীমানা পর্যন্ত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভারতের ৩টি ব্যাটালিয়ন ও ২৮ বিএসএফ ক্যাম্প রয়েছে। বিজিবি দিবস উপলক্ষে গতকাল মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সিও’র পক্ষ হতে সকল বিএসএফ ব্যাটালিয়ন ও ক্যাম্পে মিষ্টি পাঠানো হয়। বিজিবি বিওপি কমান্ডারগণ এ মিষ্টি বিএসএফ ক্যাম্পের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। এসময় পারস্পারিক সৌহার্দ্য অটুট রাখাসহ চোরাচালান, মাদক দমন ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে উভয় বাহিনী একযোগে কাজ করার কথা তুলে ধরা হয় বলে জানা গেছে।