ভারতীয় বিনিয়োগ আকর্ষণে দিল্লিতে তালেবানের বাণিজ্যমন্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ভারতের কাছ থেকে বৃহত্তর বিনিয়োগ ও পণ্য সুবিধা চেয়ে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ নূরুদ্দিন আজিজি। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পথ খুঁজছে। সেটির অংশ হিসেবে ভারতীয় বিনিয়োগকে আকর্ষণ করতে চাইছে কাবুল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত মাসে ভারত কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করে তালেবানের সঙ্গে সম্পর্কের ধাপ উন্নীত করেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসলে দূতাবাসটি বন্ধ হয়ে যায়। চীনের সঙ্গে প্রভাব প্রতিযোগিতায় নয়া দিল্লি আফগানিস্তানে তাদের সহায়তাও বাড়াচ্ছে। আফগান বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজিজি ভারতের বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ট্রানজিট রুটে আফগানিস্তানের ভূমিকা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code