

ডেস্ক নিউজ, ঢাকা: এশিয়া কাপের লড়াই। তবে এই মহাদেশ পেরিয়ে গোটা ক্রিকেট বিশ্বেই লাগছে উত্তাপের আঁচ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলে কথা। ক্রিকেটপ্রেমীদের কাছে চরম আকাঙ্ক্ষিত এক দ্বৈরথ। অনেক অপেক্ষার পর আজ (রবিবার) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দেশ দুটি।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া মহারণ দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলের পর্দায়। মাঠে বসে কিংবা টিভির সামনে বসে ভারত-পাকিস্তানের লড়াই উপভোগের আগে জেনে নিন দল দুটির মুখোমুখি অবস্থান। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দ্বৈরথের আগে তাদের রেকর্ডেই বা কী বলছে।
দলের অবস্থান কী: এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা হলেও খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মরুর বুকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। প্রতিযোগিতাটি ভারত জিতেছে সাতবার, বিপরীতে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব দুইবার। রোহিত শর্মারা আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ জিতে নামতে যাচ্ছে এশিয়া কাপে। অন্যদিকে ২০২২ সালে মাত্র একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে নামছে পাকিস্তান। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ম্যাচটি ৩ উইকেটে হেরেছিল বাবর আজমরা।
মুখোমুখি পরিসংখ্যান: টি-টোয়েন্টি সংস্করণে নয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যেখানে ৭-২ ব্যবধানে এগিয়ে ভারত। এই সংস্করণে তাদের প্রথম সাক্ষাৎ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ম্যাচটি ভারত জিতেছিল বোল আউটে। দল দুটির সবশেষ দেখা হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। অক্টোবরের সেই লড়াইয়ে বাবররা উড়িয়ে দিয়েছিল বিরাট কোহলিদের। জিতেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
এশিয়া কাপের হিসাব করলে ভারত-পাকিস্তানের ম্যাচ সংখ্যা ১৪টি। এখানেও ভারতের আধিপত্য। মেন ইন ব্লু এগিয়ে ৮-৫ ব্যবধানে।