মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৭ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি শনিবার আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নিচে প্রধান ঘটনাগুলো তুলে ধরা হলো :

Manual8 Ad Code

জেরুজালেমে সাইরেন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সময় শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ ও বিমান হামলার সতর্ক সাইরেন শোনা গেছে বলে এএফপি সাংবাদিকরা জানিয়েছেন। কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলজুড়ে অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

Manual3 Ad Code

তেহরানে নতুন হামলা

ইসরাইল শনিবার ইরানের তেহরান এবং ইসফাহান শহরে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এর আগে রাতভর ৮০টি যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা চালানো হয়।ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একটি একাডেমি লক্ষ্যবস্তু করা হয়েছে, যা জরুরি সামরিক স্থাপনা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসফাহানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শনিবার অন্তত আটজন নিহত হয়েছেন বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন।

হিজবুল্লাহর অবস্থানে হামলা

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ও পূর্ব লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

হামলায় রকেট লঞ্চার, অস্ত্রভাণ্ডার এবং বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে ইসরাইল দাবি করেছে।

Manual3 Ad Code

দুবাই বিমানবন্দর পুনরায় চালু

বিশ্বের আন্তর্জাতিক যাত্রী পরিবহনে সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার সাময়িকভাবে বন্ধ থাকার পর আংশিকভাবে আবার চালু হয়েছে।

ইরানের হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কিছু ফ্লাইট চালু করা হয়েছে।

সৌদি আরবের সতর্কবার্তা

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইরানকে ‘ভুল সিদ্ধান্ত না নিতে’ সতর্ক করেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সদস্য অবস্থান করা একটি বিমানঘাঁটি এবং একটি বড় তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

Manual4 Ad Code

‘আমরা আত্মসমর্পণ করব না’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ‘ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন নিয়ে শত্রুদের কবরে যেতে হবে।’একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যদি ওই দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হয়, তবে তাদের বিরুদ্ধে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে না।

তেলবাহী জাহাজে হামলা

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, উপসাগরে হরমুজ প্রণালি এলাকায় ‘প্রিমা’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালিতে চলাচল করছিল।

ইরাকি কুর্দিস্তানে হামলা

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তিনটি স্থানে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যদি ওই গোষ্ঠীগুলো ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের ‘চূর্ণ করা হবে’।

আরব লীগের জরুরি বৈঠক

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার জরুরি বৈঠকে বসবেন। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিসরের অনুরোধে এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সেখানে আরব দেশগুলোর ভূখণ্ডে ইরানের হামলার বিষয়টি আলোচনা করা হবে।

দুবাই ও মানামায় বিস্ফোরণ

শনিবার দুবাই ও বাহরাইনের রাজধানী মানামা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি সাংবাদিকরা জানিয়েছেন। মানামায় সতর্ক সাইরেন বাজানো হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

ইসরাইলকে অস্ত্র বিক্রি অনুমোদন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলকে জরুরি ভিত্তিতে ১২ হাজার বোমার খোল বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এতে ইসরাইল বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আরও সক্ষম হবে এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তি বাড়বে।

ক্ষেপণাস্ত্র হামলার জবাব

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং দেশজুড়ে একাধিক বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code