

মোঃ হুমায়ুন কবির মানিক, মনোহরগঞ্জ (কুমিল্লা) :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ স্বাস্থ্য সচেতনতামূলক ম্যাগাজিন ‘স্বাস্থ্য কথন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফেরদৌস আলম মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোহিদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মইনুল হোসেন প্রমুখ।
‘স্বাস্থ্য কথন’ ম্যাগাজিনটি সম্পাদনা করেন মেডিকেল অফিসার ডা. মো. আবু রায়হান রাশেদ ও সহ-সম্পাদক ঝলম দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. নুর মোহাম্মদ শাহীন। ম্যাগাজিনটি প্রকাশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. হিমেল খান, ডা. মো. যোবায়ের হোসাইন, ডা. নাইমা বাকী, ডা. মুজাহিদুল ইসলাম, ডা. কেয়া রাণী দে, সহকারী সার্জন ডা. সাদিয়া তাসনিম, ডা. নওরীন হাসিন ও পরিসংখ্যানবিদ মজিবুর রহমান।
‘স্বাস্থ্য কথন’ ম্যাগাজিনে মনোহরগঞ্জ উপজেলার পরিচিতি, স্বাস্থ্য সেবার সার্বিক চিত্র, করোনাভাইরাস, ডেঙ্গু, জলাতঙ্ক, ই-হেলথ সার্ভিস, পেশাগত দক্ষতার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। কুমিল্লা জেলায় প্রথম উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন ‘স্বাস্থ্য কথন’ এর প্রকাশনার প্রশংসা করেন অতিথিবৃন্দ।
ম্যাগাজিনের উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতির প্রতি ম্যাগাজিনটি উৎসর্গ করা হয়েছে।
উল্লেখ্য, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল মনোহরগঞ্জের স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নতি ঘটে। বদলে যায় পূর্বেকার চিত্র। স্বাস্থ্য কমপ্লেক্সের বাহ্যিক রূপ পরিবর্তনের পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও ঘটেছে আমূল পরিবর্তন। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরীর নেতৃত্বে স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলস কাজ করে যাচ্ছেন।