

ফুলপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের তারাকান্দায় এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে দৈনিক আমাদের সময় পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাজমুল হকের পুকুরে ওই মাছ নিধনের অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পংগুয়াই গ্রামে আব্দুল মন্নাফের ছেলে সাংবাদিক নাজমুল হক ৮০ শতাংশ জমিতে পাবদা, শিং ও দেশীয় প্রজাতির মাছ চাষ করেন। পরে সোমবার দিবাগত রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে তার ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক মাছের খাবার দিতে গিয়ে দেখে পুকুরে মাছ মরে ভাসতেছে।
খবর পেয়ে সাংবাদিক নাজমুল হক দ্রুত ফিসারীর পাড়ে যান। গিয়ে দেখেন বিষের দুইটি বোতল পড়ে আছে। নাজমুল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত দৃর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি তদন্তপূর্বক বিষ প্রয়োগকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবী জানান। এ ঘটনায় তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দন করেছেন।