যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

সম্পাদকীয়: পরিকল্পনা কমিশন ৩৩৭টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জুনের মধ্যে তা বাধ্যতামূলকভাবে শেষ করার নির্দেশনা দিয়েছে। বিষয়টি ইতিবাচক, এতে কোনো সন্দেহ নেই। বলার অপেক্ষা রাখে না, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন অর্থ সাশ্রয় ঘটে; অন্যদিকে জনদুর্ভোগও হ্রাস পায়। ইতঃপূর্বে দেখা গেছে, অনুমোদিত মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন প্রকল্পের ব্যয় দফায় দফায় বেড়েছে এবং এজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন হলে বিরাট অঙ্কের অর্থ সাশ্রয় হতো; উপরন্তু এ টাকা দেশের অন্য কোনো উন্নয়ন প্রকল্পে ব্যয় করা যেত এবং এর ফলে জনগণ উপকৃত হতো। সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় অতিরিক্ত অর্থব্যয়ের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, এতে জনগণের করের টাকার অপচয় হয়। অবশ্য এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রচেষ্টা অব্যাহত থাকার কথাও মন্ত্রী সেসময় আমাদের জানিয়েছিলেন। আমরাও চাই, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লক্ষ্যমাত্রা এমনভাবে নির্ধারণ করা হোক, যাতে সেগুলো যথাসময়ে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

Manual4 Ad Code

বস্তুত শুরুতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু হলেও প্রকল্প শেষ করার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি ছাড়াও সংশ্লিষ্টদের আগ্রহের ঘাটতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঝুলে থাকতে দেখা যায়। উদ্বেগজনক হলো, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবছর একই চিত্র প্রত্যক্ষ করছি আমরা। এ অবস্থায় কোনো প্রকল্প অনুমোদনের আগে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারার কারণগুলো খতিয়ে দেখে প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, প্রকল্প কতটা সুন্দর, তা দেখার আগে দেখতে হবে-বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি প্রণয়ন করা হয়েছে কি না এবং তা সঠিক সময়ে যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব কি না?

Manual1 Ad Code

অভিযোগ রয়েছে, প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অধিকাংশই সময় ও ব্যয় নির্ধারণসহ অন্যান্য বিষয়ে দক্ষ হন না। অবশ্য এর বাইরে নানা ধরনের কারসাজি থাকার অভিযোগও রয়েছে। এ কারণে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা যেমন সম্ভব হয় না, তেমনই প্রকল্পের ব্যয়ও কয়েকগুণ বৃদ্ধি পায়। আশঙ্কার বিষয় হলো, সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশে আগে যেসব সমস্যা বিদ্যমান ছিল; এর অধিকাংশই এখনও বহাল রয়েছে, যা থেকে মুক্ত হওয়া জরুরি। ইতঃপূর্বে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে বেশকিছু বাধা চিহ্নিত করেছিল। এগুলোর মধ্যে অন্যতম হলো-সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প গ্রহণ ও প্রকল্প তৈরিতে দুর্বলতা ও দক্ষতার অভাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code