রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগের পর কিউবাকে সতর্ক করলেন রুবিও

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের পর কিউবার কমিউনিস্ট ব্যবস্থা পরিবর্তনে ওয়াশিংটন ‘পূর্ণ মনোযোগ’ দিচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, যুদ্ধজাহাজবাহী রণতরী ইউএসএস নিমিৎজ ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো ক্যারিবীয় অঞ্চলে প্রবেশ করেছে। মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানান।তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ মোতায়েন কিউবাকে ভয় দেখানোর জন্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, মোটেও না।’

হাভানার সরকারের কট্টরবিরোধী হিসেবে পরিচিত কিউবান-আমেরিকান রুবিও যুক্তরাষ্ট্র উপকূল থেকে মাত্র ৯০ মাইল বা ১৪৫ কিলোমিটার দূরের দ্বীপ রাষ্ট্রটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে উল্লেখ করে জানান, দেশটি বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে।রুবিও মিয়ামিতে সাংবাদিকদের বলেন, ‘তাদের অর্থনৈতিক ব্যবস্থা কাজ করছে না। এটি ভেঙে পড়েছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে এটি ঠিক করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘এত বছর তারা সময়ক্ষেপণ করেছে এবং অপেক্ষা করেছে আমরা সরে যাবো। কিন্তু এবার তারা সময় কিনতে পারবে না, অপেক্ষাও করাতে পারবে না। আমরা খুবই সিরিয়াস। আমরা পুরোপুরি মনোযোগী।’

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ‘কূটনৈতিক সমাধান’ চায়। তবে ট্রাম্পের হাতে অন্য বিকল্পও রয়েছে বলে সতর্ক করেন তিনি।তিনি আরও জানান, সংস্কারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব কিউবা প্রাথমিকভাবে গ্রহণ করেছে।

Manual6 Ad Code

তিনি বলেন, কিউবার শর্ত যুক্তরাষ্ট্র মেনে নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটন চায়, কিউবার অর্থনীতিতে প্রভাবশালী সামরিক-সমর্থিত প্রতিষ্ঠান গ্রুপো দে অ্যাডমিনিস্ট্রাসিওন এম্প্রেসারিয়াল (জিএইএসএ) কে পাশ কাটিয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হোক।

চলতি মাসের শুরুতে ওয়াশিংটন জিএইএসএ’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।রুবিও বৃহস্পতিবার বলেন, জিএইএসএ’র প্রধানের ফ্লোরিডাভিত্তিক বোন অ্যাডিস লাস্ট্রেস মোরেরাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে আছেন।

একটি এক্স পোস্টে তিনি বলেন, ‘আমি তার স্থায়ী বসবাসের মর্যাদা বাতিল করার আগ পর্যন্ত তিনি হাভানার কমিউনিস্ট সরকারকে সহায়তা করার পাশাপাশি রিয়েল এস্টেট সম্পদ পরিচালনা করছিলেন।’

Manual8 Ad Code

রাউল কাস্ত্রো হলেন প্রয়াত কিউবান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই। ১৯৫৯ সালে তার নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লব সফল হয়।১৯৯৬ সালে কাস্ত্রোবিরোধী পাইলটদের পরিচালিত দুটি বেসামরিক বিমান ভূপাতিত করায় প্রাণহানির ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ আসে।

কিউবার কর্তৃপক্ষ আনীত অভিযোগকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নাগরিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।সরকারি পত্রিকা গ্রানমা শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে হাভানায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানায়।

৩০ বছর বয়সী হিসাবরক্ষক ফ্যাবিয়ান ফার্নান্দেজ হাভানায় এএফপিকে বলেন, ‘এটি আসলে ৩০ বছরেরও বেশি আগের কোনো অভিযোগ নয়, বরং একজন জনপরিচিত ব্যক্তির ওপর প্রকাশ্য আক্রমণ।’চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প মার্কিন বাহিনী পাঠিয়ে তাকে ক্ষমতাচ্যুত ও আটক করেছিলেন।

Manual4 Ad Code

চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা বিষয়ক সিনিয়র ফেলো ক্রিস্টোফার সাবাতিনি বলেন, ‘মূল বার্তা হলো এটা বলা যে, আমরা নিকোলাস মাদুরোর সঙ্গে যা করেছি, আপনাদের সঙ্গেও তাই করতে পারি।’
মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলা থেকে কিউবায় বিনামূল্যের তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। যেখানে কিউবা তাদের মোট চাহিদার প্রায় অর্ধেক তেলের জন্য ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল ছিল।

Manual3 Ad Code

বর্তমানে কিউবায় প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অনেক এলাকায় পানির সরবরাহও বন্ধ।
অস্বাভাবিক মূল্যস্ফীতিতে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। হাভানার রাস্তায় ময়লার স্তূপ জমে রয়েছে।ট্রাম্পের কিউবা-সংক্রান্ত পদক্ষেপের সমালোচনা করেছে চীন ও রাশিয়া। একই সময়ে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা অজনপ্রিয় যুদ্ধ শেষ করার চেষ্টাও চালাচ্ছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ওয়াশিংটনের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক চাপ প্রয়োগ বন্ধ করা এবং প্রতিনিয়ত শক্তি প্রয়োগের হুমকি না দেওয়া।’মস্কোয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা মনে করি, সাবেক বা বর্তমান কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সহিংসতার কাছাকাছি চলে যায়- এমন পদ্ধতি কোনো অবস্থাতেই ব্যবহার করা উচিত নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code