

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনের সঙ্গে শস্য রফতানির চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এর আগে শনিবার ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের বন্দর থেকে খাদ্যশস্য রফতানির চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া। কৃষ্ণসাগরের ক্রিমিয়া অংশে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এই ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় নিজ দেশের কৃষ্ণসাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্যদ্রব্য রফতানির সুযোগ পায় ইউক্রেনে। এখন এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে বিশ্বে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের পথে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।