

বিশেষ প্রতিবেদন: মাহির সপ্তম শ্রেণিতে পড়ে। তুবা প্রথম শ্রেণিতে। মায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই মানসিক আঘাতে নীরব হয়ে গেছে মাহির। সারাক্ষণ কী যেন ভাবে। আর তুবা বলে, মা আকাশের চাঁদ হয়ে গেছে। এসব বলছিলেন রেণু হত্যা মামলার বাদী সৈয়দ নাসির উদ্দিন টিটু। ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গেলে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তাসলিমা বেগম রেণুকে। এ ঘটনায় রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার অগ্রগতি বিষয়ে কথা হয় টিটুর সঙ্গে। বললেন ‘তিন বছর আগে খালাকে হারিয়েছি। বিচার এখনও শেষ হয়নি। আমরা চাই মামলাটির যেন দ্রুত নিষ্পত্তি হয়। তুবা ও মাহিরের প্রসঙ্গে টিটু বললেন, ‘মাহিরসপ্তম শ্রেণিতে পড়ছে। তুবা এখন প্রথম শ্রেণিতে। মাহির এ ঘটনায় এতটাই মানসিক আঘাত পেয়েছে যে, বেশ চুপচাপ হয়ে গেছে। সারাক্ষণ কী যেন ভাবে। আর তুবাকে কেউ মায়ের কথা জিজ্ঞেস করলে ও বলে, মা চাঁদ হয়ে গেছে। আমরা আমাদের জায়গা থেকে ওদের জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ভবিষ্যতে ওদের জন্য কী দিয়ে যেতে পারবো তা নিয়ে চিন্তিত। কী হবে ওদের জানি না। সরকার যদি ওদের পাশে দাঁড়ায় তবে হয়তো ভালো কিছু হবে।’