রোমানিয়া দুই লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  বৈশ্বিক টিকা কর্মসূচির অংশ হিসেবে এবার বাংলাদেশকে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে রোমানিয়া সরকার।

শনিবার (৯ অক্টোবর) রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ কথা জানান। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual5 Ad Code

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে রোমানিয়ার জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ।

Manual5 Ad Code

এ সময় ড. মোমেন বাংলাদেশ ও রোমানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আগামী দিনগুলোতেও পারস্পরিক সহযোগিতায় দুই দেশ এক সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোমানিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং প্রতিষ্ঠিত হাইটেক পার্কগুলোতে যৌথ মালিকানায় কিংবা শতভাগ নিজস্ব মালিকানায় বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে পারবেন। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু ড. মোমেনের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এছাড়া বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ ও অদক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাব্যতা ও জিএসপি সুবিধা অব্যাহত রাখা নিয়েও উভয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। দুই দেশের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মতি প্রকাশ করেন তারা।

Manual2 Ad Code

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে রোমানিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বোগদান অরেস্কু বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং রোমানিয়ার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code