

ডেস্ক রিপোর্ট: আগামী বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের প্রস্তুতি শুরু হচ্ছে রবিবার থেকে। এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত লিটন দাস তার দলকে নিয়ে অনুশীলন করবেন।
প্রথম পর্বে সহকারী কোচ নিক পোথাসের তত্ত্বাবধানে ৩২ জন ক্রিকেটটারকে নিয়ে প্রি ক্যাম্প চলে মিরপুরে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটারদের নিয়ে হয়েছে অনুশীলন। শনিবার টেস্ট দলের ক্রিকেটাররা হোটেলে উঠেছেন। রবিবার থেকে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ‘আসল’ প্রস্তুতি।
তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে অস্বস্তি বাংলাদেশ শিবিরে। ওপেনার তামিম ইকবাল ব্যাক পেইনের পুরোনো ব্যথায় ভুগছেন। এ কারণে অনুশীলন করতে পারছেন না বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তামিমের একটা ব্যাক প্রবলেম আছে। এটা আগের, নতুন কিছু না। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। ওভাবেই আছে আর কী এখনও! আজকেও তামিমকে পর্যবেক্ষণ করা হয়েছে। এখনও ব্যথা আছে।’