শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর। ইরানের দেওয়া শর্তগুলো না মানলে আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, চাপ দেওয়া কিংবা প্রলোভন দেখানোর মার্কিন নীতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর কোনো কাজ করবে না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে বারবার এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সবকটি শর্ত মেনে নেওয়া না হলে কোনো কূটনৈতিক অগ্রগতিই সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার জন্য নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এতে মধ্যস্থতা করছে কাতার। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে আলোচনা নতুন করে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে কিছু ছাড় দিতে বলা হয়েছে। তবে ইরান তাদের অবস্থানে অনড়। তেহরানের শর্তগুলোর মধ্যে প্রধান হলো- সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানসহ সব ফ্রন্টে যুদ্ধ বা শত্রুতা বন্ধ করা। একই সুরে তাল মিলিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি সত্যিই হরমুজ প্রণালি সংক্রান্ত ইস্যুতে অগ্রগতি বা কোনো সমাধান চায়, তবে তেহরানের দেওয়া শর্তগুলো তাদের অবশ্যই পূরণ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code