শেরপুরে সর্বহারা পার্টির নামে পোস্টারিং গ্রামবাসীর মধ্যে আতংক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
অশোক সরকার, শেরপুর বগুড়া থেকেঃ
বগুড়ার শেরপুর উপজেলার দুর্গম এলাকায় পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে পোস্টারিং করা হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা বাজারে এই পোস্টারিং দেখা যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে তারা বাজারে আসলে বিভিন্ন দোকানের দেয়াল এবং বাজার সংলগ্ন বিশ্বা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে পোস্টারিং দেখতে পায়। রোববার রাতে লাগানো লাল রংয়ের কাগজে হাতে লেখা এসব পোস্টারে লেখা রয়েছে পূর্ববাংলা সর্বহারা পার্টিতে যোগ দিন, এই সরকারের পতন ঘটাতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পুলিশ মানি না, মানব না। বিশ্বা গ্রামের রইচ উদ্দিন ও মকবুল হোসেন বলেন, ৫ বছর আগে তাদের নামসহ এই গ্রামের ৪ জনের বাড়িতে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছিল সর্বহারা পার্টির নামে। চারজনের মধ্যে নরোত্তম নামে এক পল্লী চিকিৎসককে চিঠির মধ্যে রাইফেলের গুলি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
গ্রামের বাসিন্দারা বলেন, প্রতি বছরই ধানকাটা মৌসুমে বিশ্বা বাজারে সর্বহারা পার্টির নামে পোস্টারিং করা হয়। তবে, গত ৫ বছরের মধ্যে কোন বাড়িতে ডাকাতি হয়নি। তারপরেও এলাকার ধর্নাঢ্য ব্যবসায়ীরা দিনে গ্রামে থাকলেও সন্ধ্যার পর ১৫ কিলোমিটার দূরে শেরপুর উপজেলা সদরে ভাড়া বাড়িতে রাত যাপন করেন।
স্থানীয়রা আরও বলেন, সর্বহারা পার্টির লোকজনকে গ্রামের কেউ চাঁদা দিলেও তা গোপন রাখা হয়। তবে গত কয়েক বছরে বিশ্বা গ্রামে গরু চুরি বেড়ে গেছে। তাদের ধারণা সর্বহারা পার্টির নামে যারা পোস্টারিং করে তারাই গরু চুরির সাথে জড়িত।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, যারা সর্বহারা পার্টির নামে পোস্টারিং করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে যাবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code