

ডেস্ক নিউজ: বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য নতুন স্মারক ব্যাংক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সোমবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১৩০ মিলি মিটার × ৬০ মিলি মিটার পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং এর ডানপাশে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী লোগো সংযোজন করা হয়েছে।