

ডেস্ক রিপোর্ট: মাস খানেক আগেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচন। এ আসরে প্রার্থী হতে অনেক তারকাই মনোনয়ন ফরম
কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন হাতে গোনা কয়েকজন। আর
নির্বাচনে শেষে বিজয়ীর সংখ্যা মোটে দুই; তারা হলেন আসাদুজ্জামান নূর
(নীলফামারি-২) ও ফেরদৌস আহমেদ (ঢাকা-১০)।
এদিকে সংসদে আরও ৫০টি আসন রয়েছে, যেগুলো নারীদের জন্য সংরক্ষিত।
নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই এসব আসনের সদস্য
নির্বাচন করা হবে। যেটার আনুষ্ঠানিকতা শুরু হলো আজ মঙ্গলবার (৬
ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।
মূল নির্বাচনের মতো এই আয়োজনেও বিনোদন জগতের তারকাদের ভিড়
লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিনই ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যালয়ে ছুটে গেছেন অনেক নায়িকা-অভিনেত্রী। এর মধ্যে আছেন
চিত্রনায়িকা অপু বিশ্বাস থেকে শুরু করে নিপুণ আক্তার, ঊর্মিলা শ্রাবন্তী
কর-সহ অনেকে।
সকাল ১০টায় আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় সংরক্ষিত আসনের
মনোনয়ন ফরম বিক্রি। তার আগেই সেখানে হাজির হন তারকাদের কেউ
কেউ। সকাল সোয়া ১০টার দিকে ফরম কেনেন অভিনেত্রী সোহানা সাবা। বেলা
১১টায় হাজির হয়ে ফরম কিনে নেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। যিনি
ইতোপূর্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে
আলোচিত-সমালোচিত।
ফরম কেনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিপুণ বলেছেন, ‘প্রথমত দোয়া
চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই
বিবেচনা করবেন। ইতোপূর্বে দেশবাসীর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি,
সেটাই চাই।’