সরকারি ধান, চাল সংগ্রহ মুখ থুবড়ে পড়েছে শরীয়তপুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শরীয়তপুর :
সরকারি ধান ও চাল সংগ্রহ মুখ থুবড়ে পড়েছে শরীয়তপুরে। জেলায় সরকার নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার মাত্র ১১ শতাংশ ধান সংগ্রহ করা হয়েছে। সরকার নির্ধারিত টাকায় ধান, চাল সংগ্রহ অভিযানে সাড়া দিচ্ছে না কৃষকরা। কৃষকরা সরকারি ক্রয় কেন্দ্রে ধান ও চাল না দিয়ে বেশি দর পেয়ে বাজারে বিক্রি করছেন। ফলে মে মাস থেকে ৩১ আগস্ট পযর্ন্ত বেধে দেয়া সময়ের মধ্যে জেলায় ২হাজার ৪শ’ ৯১ মেট্রিকটন ধানের বিপরীতে সংগ্রহ করা হয়েছে মাত্র ২শ’ ৯১ মেট্রিকটন ধান এবং ১ হাজার ১শ’ ৪৯ মেট্রিকটন চালের বিপরীতে সংগ্রহ করা হয়েছে মাত্র ৪শ’ ২৬ মেট্রিকটন চাল। এমতাবস্থায় ধান, চাল সংগ্রহের জন্য ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানান জেলা খাদ্য গুদামের কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোঃ নুরুল হক।
জেলা খাদ্য গুদাম অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুরে ৬ উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৪শ’ ৯১ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয় এবং চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধার্য্যকরা হয় ১হাজার ১শ’ ৪৯ মেট্রিকটন। এর মধ্যে আজ ১০ সেপ্টেম্বর পযর্ন্ত ধান সংগ্রহ করা হয়েছে ২শ’ ৯১ মেট্রিকটন, যা লক্ষ্যমাত্রার ১১ শতাংশ মাত্র এবং চাল সংগ্রহ করা হয়েছে ৪শ’ ২৬ মেট্রিকটন, যা লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ মাত্র। সূত্র মতে, জেলায় গত ১৭ মে ধান কেনার উদ্বোধন করা হয়, যা সংগ্রহের সর্বশেষ সময় বেধে দেয়া হয়েছিল ৩১ আগষ্ট পর্যন্ত।
কৃষকরা জানান, সরকারি মূল্যের সঙ্গে বাজারে ধানের মূল্য কিছুটা বেশি। এছাড়াও গুদামে কৃষকরা ধান নিয়ে গেলে পদে পদে হয়রানি ও শর্ত পূরণ করতে হয়। তাই বাজারে ধান বিক্রি করতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আনোয়ার হোসেন সরদার নামে এক কৃষক জানান, দূরের গ্রাম থেকে শরীয়তপুরের বিভিন্ন গুদামে ধান নিয়ে গেলে গাড়ি ভাড়া, সময় ও শ্রম ব্যয় করেও যদি শর্ত পূরণ করা না যায়, তবে ধান নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হয়। এতে কৃষকরা হয়রানি ও আর্থিক দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শরীয়তপুর জেলা খাদ্য গুদামের কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোঃ নুরুল হক জানান, বাইরের বাজারের চেয়ে সরকারি দাম কিছুটা কম যাওয়ার কারণে কৃষকরা গুদামে ধান বিক্রি করতে আগ্রহ হারিয়ে ফেলছে। তারপরও এখনো ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত সময় আছে। এর মধ্যে বাজার কিছুটা কমলে হয়তো চাল কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code