সাবিনার ‘শেষ’ দেখছেন বাটলার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্ট খেলতে আজ জর্ডান যাবে বাংলাদেশ নারী দল। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে তারা। দুটো ম্যাচই হবে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে। এর আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দেওয়া হয় চূড়ান্ত দল। যেখানে উপেক্ষিতই থাকলেন সাবিনা খাতুন। শুধু তা-ই নয়, অনুমিতভাবে বাদ দেওয়া হয়েছে ভুটানে থাকা চার ফুটবলার-সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন।

Manual8 Ad Code

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের সময়ই কোচ-ফুটবলারদের দ্বন্দ্বের কথা শোনা যেতে থাকে। ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দেন সাবিনাসহ ১৮ ফুটবলার। ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। তখন সেই দ্বন্দ্বের নিরসন ঘটবে বলেই মনে হচ্ছিল। তা কিছুটা হলেও কমেছে, তবে সাবিনার জন্য খোলেনি জাতীয় দলের দরজা।

Manual7 Ad Code

বাটলারের চোখে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষের পথেই হাঁটছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, বাস্তবতার বিচারে আমি মনে করি সাবিনার সময় ফুরিয়ে আসছে। তাই বলে এটা বলছি না জাতীয় দলে সে আর সুযোগ পাবে না। যদি সে পরামর্শক হিসেবে নিজের অভিজ্ঞতা মেয়েদের সঙ্গে ভাগাভাগি করে নিত ও বদলি খেলোয়াড় হিসেবে খেলতে চাইত, তখন একটা সুযোগ ছিল। যদিও তার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি সে এভাবে খেলতে আগ্রহী নয়।’

সম্প্রতি ভুটানের লিগে খেলতে ব্যস্ত সাবিনা। পারো এফসির হয়ে প্রথম ম্যাচেই করেছেন ৮ গোল। তবে বাটলারের যুক্তি, ‘দুঃখিত, ২৮-০ গোলের ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা যায় না। ভুটানের লিগকে লিগ বলেই মনে করি না আমি। কিরণও (বাফুফে নারী উইংয়ের প্রধান) সেখানে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। আমি বিভিন্ন দেশের জাতীয় দলে কাজ করেছি এবং সবসময় দেখেছি শৃঙ্খলাপরায়ণ খেলোয়াড়েরাই দীর্ঘ সময় ধরে খেলতে পারে।’

Manual6 Ad Code

দীর্ঘদিন ধরেই রক্ষণে আস্থার প্রতীক মাসুরা। তাঁকে বাদ দেওয়ার পেছনেও শৃঙ্খলার কথা তুলে আনেন বাটলার, ‘সে ফিট নয়। প্রথম ম্যাচে (ভুটানে) কেবল অর্ধেক সময় খেলতে পেরেছে। জাতীয় দলের জন্য খেলোয়াড়ের শৃঙ্খলা, আচরণ এবং অন্যদের প্রতি ভালো উদাহরণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দল গঠনের পেছনে আমি এগুলোকে গুরত্ব দিই।’

সাবিনা ও মাসুরা দলে না থাকার কারণ জানতে জানতে চায়নি বাফুফেও। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।’

সাবিনা-মাসুরা না থাকলেও দলে ফেরানো হয়েছে ভুটানের লিগে খেলা ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও মনিকা চাকমাকে। বাটলার বলেন, ‘তাদের বিদ্রোহী নয়, বরং শুধু ফুটবলারই বলতে চাই আমি। মিডফিল্ডার হিসেবে আমি মারিয়াকে খুব হাইলি রেট করি। ঋতুপর্ণাকে বলার কিছু নেই, খুবই প্রতিভাবান খেলোয়াড়, একই সঙ্গে মনিকাও। শামসুন্নাহার লেফট ব্যাক হিসেবে দলে ভারসাম্য এনে দেয়। আর রুপনা এই মুহূর্তে সম্ভবত সেরা গোলরক্ষক।’

ডেস্ক: আর

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code