সিলেটের শাহজালাল (র.) মাজারে ৩৪ দিনে দান ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের ঐতিহ্যবাহী তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে ৩৪ দিনে ভক্তদের দান করা ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়া গণনায় স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা শুরু হয়। সন্ধ্যায় গণনার হিসাব গণমাধ্যমের সামনে তুলে ধরেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হলো। গণনায় পাওয়া স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রৌপ্যের পরিমাণ ৩ ভরি ১৩ আনা। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ১৪ পাউন্ড, ভারতের ৭ হাজার ৬৪৭ রুপি, থাইল্যান্ডের ২০ বাত, সৌদি আরবের ৯৩ রিয়াল, মালয়েশিয়ার ১১ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ২৯ ডলার, ওমানের ১ হাজার ৩৫০ দশমিক ৫০ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৬৫ দিরহাম, মালদ্বীপের ১৫ রুপি, কাতারের ১৭ রিয়াল, ইউরোর ৭ ইউরো ৩৩ সেন্ট, বাহরাইনের ১০০ পয়সা, হংকংয়ের ১০ ডলার, ব্রুনাইয়ের ১ ডলার, নেপালের ৫৫ রুপি, পাকিস্তানের ১০০ রুপি, রাশিয়ার ৫০ রুবল ও শ্রীলঙ্কার ৫০০ রুপি। এর আগে গত ২২ জুন প্রথম দফায় গণনায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। গত ১১ জুলাই দ্বিতীয় দফার গণনায় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এরপর ১৫ আগস্ট তৃতীয় দফায় গণনা করে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফার গণনায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এবার পঞ্চম দফার গণনায় পাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code