

ডেস্ক রিপোর্ট
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রতিবাদ করেছে এনসিপি ।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা বলেন গত কয়েকদিন ধরে বাজারে চালের দামেও বেশ অস্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে; যা জনদুর্ভোগ তৈরি করছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিগত রমজান মাস থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও শাক-সবজির দাম স্থিতিশীল থাকায় জনমনে স্বস্তি বিরাজ করেছে।
হঠাৎ করে এমন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ইতোমধ্যে সৃষ্ট জনদুর্ভোগকে আরও বেশি ত্বরান্বিত করবে বলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মনে করে। ফলে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
তারা আরো বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। ফলত, হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে। শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, বরং ভোক্তা সংগঠন ও শ্রমজীবী নাগরিকের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দাম নির্ধারণই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ও ন্যায্য।
এমতাবস্থায় জনস্বার্থে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি সরকারকে চাল ও ভোজ্যতেলসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণে ভোক্তাদের অভিমত ও অধিকার-সংশ্লিষ্ট বিষয়াদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এবং পাশাপাশি, এই হঠাৎ মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে চাল ও ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতায় আনার জোর দাবি জানানো হয়। ডেস্ক জেবি