বিশ্বকাপে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, মনে করেন মুশফিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানকে উড়িয়ে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। এর পরই হঠাৎ করে ছন্দপতন হয় বাংলাদেশের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত—টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি সাকিব আল হাসান, লিটন দাসরা। তাতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন হয়ে যায় বাংলাদেশের। তবে মুশফিকুর রহিম এখনই আশা ছাড়ছেন না। তাঁর মতে, এখান থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব।

৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে বাংলাদেশের পয়েন্ট ২। আর বাজেভাবে টানা তিন ম্যাচ হারায় বাংলাদেশের নেট রানরেট -০.৭৮৪। সাকিবের দল এখন রয়েছে ৭ নম্বরে। আর আজ বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা পয়েন্ট তালিকায় রয়েছে যথাক্রমে তিন, চার, পাঁচ, আট ও নয় নম্বরে।

Manual5 Ad Code

অন্যদিকে মুশফিকও এবারের বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ৫২.৩৩ গড় ও ৮৩.৫১ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে করেছেন ১৫৭ রান। ফিফটি দুটি এসেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ জয়ের ধারায় ফিরতে পারে বলে আশাবাদী মুশফিক। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ছাড়া এক ভিডিওতে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এবারের বিশ্বকাপে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাব, চেষ্টা করব অবদান রাখার। আমি খুব আশাবাদী। এরই মধ্যে দুটি ফিফটি করেছি। তবে শেষ পর্যন্ত ব্যাটিং করে যদি বড় স্কোর করতে পারি, তাতে মনে হয় বাংলাদেশ জয়ের ধারায় ফিরবে।’

Manual7 Ad Code

২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় মুশফিকের। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকেই আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের কাছে ভারতকে হারানো স্মরণীয় মুহূর্ত। এ ছাড়া ২০১৫, ২০১৯ বিশ্বকাপের বেশ কিছু মুহূর্তের কথা স্মরণ করেছেন তিনি। মুশফিক বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে অনেক গর্বের বিষয়। ২০০৭ সালে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচই ছিল ভারতের বিপক্ষে। যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের বিপক্ষে খেলা স্বপ্নের মতো ছিল। সেটা আমার কাছে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত। ২০১৫ বিশ্বকাপে আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেই ম্যাচে ৮৯ রান করেছিলাম। আর ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code