

নন্দীগ্রাম (বগুড়া) ঃ
বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে। এ সময় সার-বীজ ব্যবসায়ী মেহেদী হাসান পুলু পালিয়ে গেছেন।
গত সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম দলগাছা গ্রামে অভিযান চালিয়ে সার ও বীজ উদ্ধার করেন। মেহেদী হাসান পুলু নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামের সার ও বীজ সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়।এই ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী হাসান পুলু পালিয়ে যায়।
পরে তার বাড়ির একটি ঘর তল্লাশী করে সরকারী বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫ কেজি ওজনের ৫০ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, এমওপি সার ২২ বস্তা এবং ডিএমওপি সার ৪৪ বস্তা জব্দ করা হয়। উদ্ধারকৃত সার-বীজ সরকারের কৃষি বিভাগের কৃষকের প্রণোদনার বলে জানা গেছে।
সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী মেহেদী হাসান পুলু বলেন, পুকুরে দেওয়ার জন্য কৃষকের কাছে থেকে সার কিনে নেয়া হয়েছিল বলে তিনি দাবী করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, উদ্ধারকৃত সার বীজ সরকারের কৃষি বিভাগের এটা নিশ্চিত হওয়া গেছে। কিভাবে সার-বীজ ব্যবসায়ীর বাড়িতে আসলো সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।