প্রাণঘাতি করোনায় সাংবাদিকতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী যা-ই হোক, একজন সরকারি কর্মচারী মাস শেষে নির্দিষ্ট পরিমাণের অর্থ পান। চাকরি শেষে অবসরকালেও তারা পেনশন পান। ফলে কর্মক্ষম থাকার সময় থেকে শুরু করে কর্মহীন অবস্থায়ও সরকারি কর্মচারীদের জীবন-জীবিকার নিশ্চয়তা রয়েছে; কিন্তু সাংবাদিকদের নেই। যে যত বড় প্রতিষ্ঠানেই কাজ করুন, যত মেধাবী হোন না কেন, কখন কী কারণে চাকরি যাবে তার কোনো ঠিক-ঠিকানা নেই। তবুও সাংবাদিকদের কলম চলে, ক্যামেরা কথা বলে। সমাজের নানা অনিয়ম-অনাচারের চিত্র তুলে ধরার কারণে অনেকের অকালে জীবনও যায়। তারপরও সাংবাদিকরা কাজ করেন, করে যাচ্ছেন নানা সংকটের মধ্য দিয়ে। করোনা মহামারী সাংবাদিকদের নতুন কিছু বাস্তবতার মুখোমুখি করেছে। এ মহামারী থেকে জীবন রক্ষার জন্য বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। অপরদিকে এ নিয়মগুলো যথাযথভাবে মেনে চললে সাংবাদিকতা কঠিন হয়ে যায়। এ অবস্থায় বলা যায়, করোনা মহামারীর সময়ে একজন সাংবাদিক যদি নিজের জীবন বাঁচানোর বিষয়কে প্রাধান্য দেন, তবে তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। আবার যদি দায়িত্ব পালনকে মুখ্য বিবেচনা করা হয়, তবে সাংবাদিকের জীবন হয় মারাত্মক ঝুঁকিপূর্ণ। মহামারীর সময়ে অন্য কোনো পেশাজীবীর ক্ষেত্রে এ অবস্থা দেখা যায়নি। ফলে করোনা মহামারীর সময়ে সংবাদকর্মীদের পরিবার-পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হয়েছে। কম-বেশি সব পর্যায়ের সংবাদকর্মীরা উপলব্ধি করেছেন, এ পেশার মানুষ কতটা অসহায়, নিরাপত্তাহীন। অপরদিকে করোনার দুঃসময়ের মধ্যেও দু-একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ সংবাদপত্রে গণছাঁটাই, বেতন না দেয়া, কমিয়ে দেয়া ইত্যাদি নানা নিপীড়ন শুরু হয়। তাই এই করোনায় সাংবাদিকদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেমন সচেতন হতে হবে তেমন করে যেসব প্রতিষ্ঠান সাংবাদিকদের গণছাটাই করছে তাদের বিরুদ্ধে সকল সাংবাদিককে এক হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code