

ডেস্ক নিউজ, ঢাকা: স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। নিজ অর্থায়নে তৈরি এই ব্রিজকে নিয়ে বাংলাদেশিদের আবেগও তাই তুঙ্গে। এবার এই সেতুকে কেন্দ্র করেই তৈরি হলো টেলিছবি। এর নাম সূর্যসকাল। এটি নির্মাণ করেছেন সাংবাদিক ও নির্মাতা রেজানুর রহমান। এর গল্পটা এমন- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে কয়েকজন দেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হন। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। খুন হয় একজন।