দ্বীপজেলা ভোলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চরফ্যাসন সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল এর আগামী ৩১ ডিসেম্বর ২০২০ শেষ কর্মদিবস। সে উপলক্ষে কলেজের প্রতিটি বিভাগ থেকে চলছে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান৷
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চরফ্যাশন সরকারি কলেজের ইতিহাস বিভাগ থেকে, গত ১৯ ডিসেম্বর সমাজ কর্ম বিভাগ থেকে, ২০ ডিসেম্বর ব্যবস্থাপনা বিভাগ থেকে, ২২ ডিসেম্বর বিজ্ঞান বিভাগ থেকে, ২৩ ডিসেম্বর হিসাব বিজ্ঞান বিভাগ থেকে প্রিয় অধ্যক্ষ স্যারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে৷ ডিসেম্বর মাসজুড়ে বিদায় সংবর্ধনায় ভাসছেন অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল৷
অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল চরফ্যাশন সরকারি কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক জাতীয় সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর হাতে ১৯৮৭ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন৷ তারই সুযোগ্য পুত্র ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর হাতে ২০০৯ সালে অধ্যক্ষ হিসাবে নিয়োগ লাভ করেন কয়ছর আহমেদ দুলাল৷
সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনৈতিক, সামাজিক, সৃজনশীল ব্যক্তিত্ত্ব ও সাদামনের মানুষ অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল দীর্ঘ ৩৩ বছর সুনাম ও দক্ষতার সাথে প্রভাষক, অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে চরফ্যাশন সরকারি কলেজে দায়িত্ব পালন করে আসছেন৷
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, কয়ছর আহমেদ দুলাল এর সহধর্মিনী, চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, সাংবাদিক আমিনুল ইসলাম, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন৷