পাঁচ মাসের মধ্যে টিকা পাবে দেশের ৮০ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

খন্দকার আশরাফ-উন-নবী
মানিকগঞ্জ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত দেশের পাঁচ কোটি
মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম অব্যহত রয়েছে। আগামী
ডিসেম্বর মাসের মধ্যে ৫০ শতাংশ এবং আগামী মার্চ মাসের মধ্যে দেশের ৭০
থেকে ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে।

শনিবার (০৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া
এলাকায় শুভ্র সেন্টারে পূজা মণ্ডপ উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়
ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ
কথা বলেন।
দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে দেওয়ার মতো টিকার জোগানও এরই মধ্যে হয়ে
গেছে। এছাড়া খুব শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু হবে
বলে জানান মন্ত্রী।

Manual5 Ad Code

সরকারের প্রচেষ্টার কারণেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে
জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যথাযথ চিকিৎসা
পাওয়ায় দেশে করোনায় মৃত্যুর হার কম। করোনায় আমেরিকায় সাত লাখ এবং ভারতে
পাঁচ লাখ মানুষ মারা গেছেন। ঘনবসতিপূর্ণ আমাদের দেশে ২৭ হাজার মানুষ মারা
গেছেন। একটি মৃত্যুও আমরা চাই না। কোনও জাদুর ছোঁয়ায় মৃত্যু কম হয়নি, এর
পেছনে অনেক শ্রম দিতে হয়েছে। সরকার বিনামূল্যে চিকিৎসা দিয়েছে।’

Manual3 Ad Code

করোনা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সবচেয়ে
বেশি ছোঁয়াচে রোগ। দেশে অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল। শত বছরের
মধ্যে এ ধরনের মহামারি আসেনি। সারা বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষ মারা
গেছেন। এই সময়ে আমাকে দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করতে হয়েছে।
করোনা নতুন একটি ভাইরাস, নতুন তার গতিবিধি। প্রথমে করোনা চিকিৎসার বিষয়ে
কেউ জানতেন না, কীভাবে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে তাও কেউ জানতেন না।
সেই অবস্থা থেকে আমরা করোনা মোকাবিলা শুরু করি।’

করোনার চিকিৎসায় গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
‘বাংলাদেশে করোনার পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন দেশে ৮০০টি
ল্যাব হয়েছে। এখন করোনার চিকিৎসার জন্য দেশের হাসপাতালগুলোতে ১৮ হাজার
শয্যা রয়েছে। করোনা আক্রান্ত জটিল রোগীদের জন্য কেন্দ্রীয় অক্সিজেন খুবই
প্রয়োজন। দেশের সব বড় হাসপাতালেই এই কেন্দ্রীয় অক্সিজেন লাইন রয়েছে।’

Manual7 Ad Code

শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী
ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া
আগামী বছরের এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভাবনা
রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের ১২
থেকে ১৭ বছরের শিশুশিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই
মৃত্যুহার অনেক কম। এখন করোনা আক্রান্ত ও মৃত্যু হার কমে গেছে। আমরা চাই
না কোনো অনুষ্ঠানের মধ্যদিয়ে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাক। কাজেই সবাইকে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Manual6 Ad Code

ধর্ম যার যার উৎসব সবার এ কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মানব সেবাই
সবচেয়ে বড় ধর্ম। এ অনুষ্ঠানে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান
জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি ধর্মই শান্তি ও মানবসেবার কথা বলে। করোনার
জন্য স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রতিটি
পূজামণ্ডপের আয়োজকদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের ব্যবস্থা করতে হবে।
ধর্মীয় আচার-আচরণ পালন করতে হবে, তবে তা যেন অতিরঞ্জিত না হয়। আসন্ন
দুর্গাপূজার উৎসবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উৎসব পালনের আহবান জানান
মন্ত্রী।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মো:
গোলাম আজাদ খান, জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফট,
যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব
কুমার সাহা, সদর উপজেলার সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার
উদ্দিন সরকার-সহ সদর এবং সাটুরিয়া উপজেলার ইউনিয়নের সকল চেয়ারম্যানসহ
জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সদর উপজেলার ১১২ ও সাটুরিয়া উপজেলার ৬৪টিসহ ১৭৬টি পূজা
মণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি চাল, এক হাজার টাকা মণ্ডপ কমিটির হাতে তুলে
দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code