

লন্ডন ডেস্কঃ
গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে বারার নতুন ইয়াং মেয়র নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত ইয়াং মেয়র ১৬ বছর বয়সী তাহমিদ হোসেন এবং ৫ জন ডেপুটি মেয়র আগামী ২ বছর বারার তরুণ জনগোষ্টির কন্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসময় তারা স্থানীয় কিশোর তরুণ বয়সীদের সমস্যা ও সম্ভাবনা এবং তাদের উদ্বেগের বিষয়গুলো জানতে ও যথাযথভাবে তা তুলে ধরতে তাদের সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন।
এই নির্বাচনে বারায় শিক্ষা, বসবাস কিংবা কর্মসূত্রে অবস্থানকারী ১১ থেকে ১৭ বছর বয়সী ১৭ হাজার ৭৩৩ জন ভোটারের ৩৪ শতাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নবনির্বাচিত ইয়াং মেয়র তাহমিদ হোসেন যে স্কুলে ফিজিক্স, ম্যাথস্ ও স্পেনিশ নিয়ে অধ্যয়নরত, সেই সেন্ট পলস ওয়ে ট্রাষ্ট স্কুলের ভোটারদের ৮৯ পার সেন্ট ভোট দিয়েছে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ জন প্রার্থী। এদের মধ্য থেকে হাফিজুর রহমান, মোহসেন আলী, আবলা শাজিয়াত্তিরি পিডিকালি, ইন্তিজার আল-আলম এবং রিয়ানা ফয়েল ডেপুটি ইয়াং মেয়র নির্বাচিত হয়েছেন।
গত ২১ অক্টোবর টাউন হলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিরের চীফ এক্সিকিউটিভ এবং রিটার্নীং অফিসার উইল টাকলি। ফলাফল ঘোষনার পর বিদায়ি ইয়াং মেয়র জামি বারি তাঁর উত্তরসূরি তাহমিদের গলায় অফিসিয়াল চেইন পরিয়ে দেয়ার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।