কর্মকর্তাদের বদলিতে উন্নয়নকাজ ব্যাহত: পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন ও রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের বার বার বদলি করা হচ্ছে। এ কারণে উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার (২৩ এপ্রিল) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করা নতুন নার্সদের বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেটে রেলপথ ডাবল লেনে উন্নীতকরণ প্রসঙ্গে ড. মোমেন বলেন, রেললাইন এখনো অনুমোদন পর্যায়ে রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কও সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যয় ধরে কাজ শুরুর কথা। কিন্তু কর্মকর্তা বদলির কারণে সেটার ব্যয় এখন ১৭ হাজার কোটিতে ধরা হয়েছে। একইভাবে রেলওয়ের ১৬ হাজার কোটি টাকার প্রকল্প ছিল। ব্যয় বেশি মনে করে সেটা যাচাইয়ে নেওয়া হয়েছে। এখন ২৩ হাজার কোটি টাকায় হয় কিনা, সন্দেহ আছে। এটা অত্যন্ত দুঃখজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বাধাঘাট বাইপাসের কাজ ২০১০ সালে সাবেক অর্থমন্ত্রী শুরু করেছিলেন। এটা এখনো টেন্ডার পর্যায়ে আছে। যারা প্রকৌশলী ছিলেন তারা ডিজাইন করেন। যখন শুরু হয়, তখন কর্মকর্তারা বদলি হয়ে যান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলেছি, যে কোনো প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত একজন প্রোজেক্ট ডিরেক্টর থাকা প্রয়োজন। আমরা একটা হাসপাতালের জন্য জায়গা খুঁজছি। নগরের শাহী ঈদগাহে সংক্রামব্যাধি হাসপাতাল ভেঙে ওসমানী মেডিক্যাল কলেজের দ্বিতীয় ইউনিট করার চেষ্টা করছি। কিন্তু ভূমিখেকো চক্র সেটিকে গিলে খেতে চাচ্ছে।

Manual7 Ad Code

চক্রটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেট আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২০-২১ সালে নতুন যোগদান করা নার্সদের বরণ অনুষ্ঠানে ড. মোমেন বলেন, দেশে ২ হাজার মানুষের বিপরীতে একজন চিকিৎসক এবং ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স। এটা অত্যন্ত অপ্রতুল। মানুষের প্রয়োজনীয় চিকিৎসায় চিকিৎসক ও নার্সদের সংখ্যা বাড়াতে হবে।

Manual3 Ad Code

ড. মোমেন আরও বলেন, উন্নত দেশগুলোতে হাসপাতালের সামনে দৃষ্টিনন্দন বাগান রয়েছে। ওসমানী হাসপাতালে নয়নাভিরাম একটি বাগান দরকার। প্রকৃতি দেখে ও বাগানে বসে রোগীরাও অনেক মানসিক প্রশান্তি পায়।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএ ওসমানী শাখার সভাপতি শামিমা নাছরিন। বিএনএ সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান, কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. মো. নাজমুল হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code