

ইন্টারন্যাশনাল ডেস্ক: চাঁদ থেকে আনা মাটিতে এ প্রথম চারাগাছ গজালো। যুক্তরাষ্ট্রের গবেষকরা ঘটালেন এ যুগান্তকারী ঘটনা। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো ১১, ১২ ও ১৭ মিশনে চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে অ্যারাবাইডোপসিস নামের একটি গুল্মের বীজ থেকে চারা গজিয়েছে। খবর বিবিসির। এ এক্সপেরিমেন্ট করেছেন মহাকাশে গাছের বৃদ্ধি নিয়ে গবেষণার জন্য খ্যাত আইএফএএস-এর বিজ্ঞানী অ্যানা-লিসা পল ও রব ফার্ল।
তারাই নাসার কাছ থেকে ধার হিসেবে ১২ গ্রাম চাঁদের মাটি নিয়েছিলেন। এরপর একটি প্লাস্টিকের ট্রেতে এক গ্রাম করে মাটি ভাগ করে রাখেন। তাতে বীজ দেওয়ার পর তারা পানি ও কিছু পুষ্টি উপাদান যোগ করেন। তাতেই ধীরে ধীরে বেড়ে ওঠে চারাগুলো।