

ধর্ম: জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে আমার যুদ্ধংদেহী মনোভাব ছোটবেলা থেকেই খুব তীব্র। আমি যখন ইসলাম গ্রহণ করি, শাহ ওলিউল্লাহ দেহলবির ফিকির ও দর্শন আমার সেই মনোভাবে এক নতুন রঙ লাগায়, এবং আমি আরও বেশি সক্রিয় ও সংগ্রামী হয়ে উঠি।
ওই সব আল্লাহওয়ালাদের সংস্পর্শে আমার অন্তর এই হকিকত উপলব্ধি করে যে, কুরআনের প্রকৃত মর্ম হলো দুনিয়া জুড়ে ইনকিলাব কায়েম করা। এবং আজকের দুনিয়াতেও কুরআনে বিশ্বাসী প্রত্যেকের জন্য ফরজ তার জীবনের প্রধান উদ্দেশ্য ‘ইনকিলাব’ করা।
আমি আমার সুমহান মুর্শিদদের প্রতি যারপরনাই কৃতজ্ঞ যে, তারা আমার স্বভাবগত সাধারণ যুদ্ধংদেহী মনোভাবকে বিশ্বব্যাপী মানুষের মুক্তিতে নিবেদিত মনোভাবে বদলে দেন, এবং আমার জীবনের উদ্দেশ্যকে গতিময় করেন।
এই কারণে আমার জীবনের একমাত্র লক্ষ্য কুরআনে নির্দেশিত বিশ্বব্যাপী মানুষের মুক্তির এই সংগ্রাম। এবং একে কার্যত বাস্তবায়নের জন্য সবরকমের চেষ্টাপ্রচেষ্টা আমার একমাত্র কাজ।
আমার মতে ইনকিলাবি মনোভাবই ব্যক্তির খুদিকে জাগিয়ে তোলে, আর যখন মানুষের আপনসত্তা জেগে ওঠে তখন সে কোনো রকমের ভয়ডর ছাড়া তার ওপর আপতিত সব অনাচার-অবিচার বীরবিক্রমে রুখে দেয়, তারপর নীতিহীন আদর্শ আর অন্যায় আইনের ভিত তীব্র আক্রমণে ভেঙেচুরে তছনছ করে ফেলে, অবশেষে গড়ে তোলে জীবনের নতুন বুনিয়াদ।
সোজা কথায় চূড়ান্ত মুক্তির প্রথম ধাপ হলো ‘ইনকিলাবি ঝোঁক’, এই ইনকিলাবি ঝোঁকই ফিকির ও কার্যতৎপরতা তৈরি করে। এই ঝোঁকই রুশ জনগণের মধ্যে মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠার জন্য হিম্মত ও সাহস জুগিয়েছে, ফলে তারা শাহেনশাহ জারের অপরাজেয় রাজসিংহাসন ভেঙে চুরমার করে ফেলে।
তারপর এমন শাসন প্রতিষ্ঠা করে, সারা দুনিয়া যার বিরোধিতা করেছিল, কিন্তু আমজনতার ইনকিলাবি ঝোঁক কাউকে পরোয়া করেনি, এবং আত্মবিশ্বাস ও একিনের সঙ্গে প্রত্যেক শত্রুকে চুপ করিয়ে দিয়েছে।