

ডেস্ক নিউজ, ঢাকা: ইন্দোনেশিয়ার বান্দুংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। রিকোভারি সেশনের পর সবাইকে নিয়ে মাঠের অনুশীলনে কাজ করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আগের দিন ডিফেন্স নিয়ে কাজ করে এবার তার মনোযোগ ছিল কাউন্টার অ্যাটাকে। এশিয়ান কাপ বাছাইপর্বের আগে ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপে নামার আগে ইন্দোনেশিয়ার ম্যাচেই কৌশলের মহড়া দিতে চাইছে বাংলাদেশ। রবিবার অনুশীলনের এক ফাঁকে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ চাইছে রক্ষণ সামলে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে। বান্দুংয়ে সেভাবেই অনুশীলন হচ্ছে বলে জানালেন মামুন।
বাফুফের দেওয়া ভিডিও বার্তায় জানালেন, ‘প্রতি আক্রমণ নিয়ে কাজ হয়েছে। কীভাবে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়া যায়, রক্ষণ কীভাবে সুসংগঠিত থাকে। তাছাড়া মাঠে কার কী রোল হবে, তা নিয়েও কাজ হয়েছে। অনুশীলন হয়েছে সেট পিস নিয়েও।’