

বিশেষ প্রতিবেদন: ব্যবসায়িক শর্ত ভেঙে চালের ব্যবসা করছেন কারা, তা খতিয়ে দেখতে মাঠে নামছে সরকার। দ্রুত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এই চক্রের মজুত করা বিপুল পরিমাণ চাল বা ধান উদ্ধার করে তা বাজারে ছাড়ার নির্দেশও দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা কীসের অনুমতি নিয়ে কীসের ব্যবসা করছেন—সরকারের কাছ থেকে নেওয়া ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’-এর শর্ত ভঙ্গ হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৩০ মে) রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বোরোর ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থা ঠেকাতে বাজার দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিভিন্ন পণ্যের মার্কেট মেকানিজম নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কেবিনেট সচিব।