

ডেস্ক নিউজ, ঢাকা: বাণিজ্যে নতুন সুযোগ অন্বেষণ এবং তৈরি পোশাকসহ সামগ্রিক রফতানি বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘এলডিসি গ্রাজুয়েশনের পরও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সরকার ও স্টেকহোল্ডারদের সঙ্গে আরও গঠনমূলক সংলাপ ও সম্পৃক্ততা প্রয়োজন। বুধবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় ছিলেন– বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ।