

ডেস্ক নিউজ: বাজার যাচাই করে ডলারের একক বা অভিন্ন দর নির্ধারণে আগামী রবিবার (১১ সেপ্টেম্বর) পুনরায় বৈঠক করবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এরপর তারা বাংলাদেশ ব্যাংক-কে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডলারের বাজারে করণীয় নির্ধারণে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ব্যাংক। এবিবি ও বাফেদা নেতাদের নিয়ে এই যৌথ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বৈঠকের শেষ দিকে যোগ দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডলারের বাজার পর্যবেক্ষণ ও আমদানি-রফতানি পরিস্থিতি বুঝতে সময় চেয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা।