

ভারত প্রতিনিধি: ভারতের গোয়া রাজ্যে ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর (এফআরআরও) নির্দেশে পাঁচ বাংলাদেশি নাগরিককে নজরবন্দি রাখা হয়েছে। এদের সবার বিরুদ্ধেই অভিযোগ, গত ১০ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাসের। এই পাঁচ বাংলাদেশি হলেন মোহাম্মদ আনোয়ার আখন, হিলাল আখন, হাসান মিয়া, নুরজাহান বেগম ও রাজা আখন। বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের পর প্রথম পাঁচ বছর ব্যাঙ্গালোরে থাকলেও শেষ পাঁচ বছর গোয়াতে ভাঙারি (টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা) সংগ্রহের কাজ করতেন তারা। গোয়া পুলিশের সন্ত্রাস দমন শাখার (এটিএস) পরিদর্শক ভিলেশ দূর্ভাতকার ভারতের এক দৈনিক ইংরেজি পত্রিকাকে জানিয়েছেন, নজরবন্দি হওয়া পাঁচ নাগরিকই বাংলাদেশি এবং তাদের গোয়ার বাইরে যেতে নিষেধ জারি করা হয়েছে।