৪ কঠিন শর্তে সিটিসহ ৬ ব্যাংককে রেহাই দিলো কেন্দ্রীয় ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ডলার নিয়ে অতিরিক্ত মুনাফার অভিযোগে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যে অন্যতম ছিল বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ট্রেজারি বিভাগের প্রধানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশ শিথিল করে চারটি শর্ত পরিপালনের মধ্য দিয়ে ব্যাংকটির ওপর উত্থাপিত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের কাছে পাঠানো হয়েছে।
সিটি ব্যাংককে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের প্রথম শর্তে বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্য লেনদেনের (ট্রেজারি ফাংশন) মাধ্যমে গত মে ও জুন মাসে যে পরিমাণ মুনাফা অর্জিত হয়েছে তার অর্ধেক পরিমাণ সিএসআর ফান্ডে পৃথকভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অর্থ সংরক্ষণের পর অবশিষ্ট অর্থ ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে, সিএসআর ফান্ডের অর্থ (গত মে ও জুন মাসের মুনাফার অর্ধেক) ব্যবহারের বিষয় পরবর্তী সময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
তৃতীয় শর্তে বলা হয়, ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকিং সংক্রান্ত সব নিয়ম-নীতি অনুসরণসহ রাষ্ট্রের স্বার্থে নৈতিকতার বিষয়টি অনুসরণ নিশ্চিত করতে হবে। চতুর্থ শর্ত হিসেবে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বাজারসহ সার্বিক মুদ্রা বাজারকে অস্থিতিশীল করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৩১ ধারার আওতায় স্থাপিত যেকোনও ব্যাংক কোম্পানির সংশ্লিষ্ট আইন ও বিদ্যমান ব্যাংকিং নীতিমালা, নৈতিকতা এবং সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ব্যাংকের কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে। তবে দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে নেতিবাচক ব্যাংকিং কার্যকলাপের মাধ্যমে অনৈতিকভাবে অতি মুনাফা অর্জন করা কোনোভাবেই কাম্য নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code