

ডেস্ক নিউজ: সাত বছর চুটিয়ে প্রেম। এরপর আংটি বদল। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিয়ে করবেন। কিন্তু এরপর দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছর গড়িয়ে যায়, বিয়ে আর হয় না! শেষমেশ গেলো বছরের ডিসেম্বরে জানান, বিয়েটা আপাতত করছেন না।
প্রেম-বাগদান-বিয়ে সংক্রান্ত এই সমীকরণ চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ১ জানুয়ারি প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক আর পূর্ণতা পেলো না। তিন বছর পর বাগদানবার্ষিকীতেই নায়িকা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, তারা আলাদা হয়ে গেছেন।
বুধবার (১ মার্চ) নিজের সোশাল হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন ফারিয়া। সেখানে বলেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে।’