

ডেস্ক নিউজ: বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বিডা কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সমঝোতা স্মারক (MoU) সইয়ের ফলে বিনিয়োগ সহজীকরণসহ পারস্পরিক প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বিডা ও বিল্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, ‘গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০০৭ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলারের মতো, এখন তা ২৮৫০ ডলার। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের দরকার স্মার্ট বাংলাদেশ স্ট্র্যাটেজি ফলো করা। ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ এখন আর বিশ বছর আগের মতো নেই।