

কানাডা অফিস: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘বেলুন’ ধরা পড়ার পর এবার কানাডার আকাশে দেখা দিয়েছিল অজ্ঞাত এক উড়ন্ত বস্তু। মার্কিন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সেটিকে স্থানীয় সময় সোমবার গুলি করে ভূপাতিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
অজ্ঞাত বস্তুটিকে গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, ‘আমি কানাডার আকাশসীমা লঙ্ঘনকারী অজ্ঞাত একটি বস্তুকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলাম। মার্কিন নোরাড কমান্ড ইউকনের আকাশে থাকা বস্তুটিকে গুলি করে নামিয়েছে।’
আরও লিখেন, ‘বস্তুটিকে ভূপাতিত করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানগুলো মোতায়েন করা হয়েছিল এবং একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান সফলভাবে সেটিকে গুলি করে নামিয়েছে। টুইটের পর হোয়াইট হাউসের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যৌথভাবে বস্তুটিকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন।