

ডেস্ক রিপোর্ট: আট হাজার শিশুর যত্নকেন্দ্র চালু হচ্ছে আগামী জুন মাসে। ‘ইন্টিগ্রেটেড কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেইফ ফ্যাসিলিটিজ’ প্রকল্পের আওতায় ১৬ জেলার ৪৫টি উপজেলায় এই কেন্দ্র চালু হচ্ছে।
বাংলাদেশ শিশু একাডেমির শিশুর প্রারম্ভিক বিকাশ (ইসিডি) বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকল্পের পরামর্শক মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রকল্পের মেয়াদ শুরু হওয়ার কথা ছিল গত জুলাই থেকে, সেটা সংশোধন করা হয়েছে। আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই একটি উদ্বোধন করতে চাই। জুলাই থেকেই আমরা সার্ভিস ডেলিভারিতে যাব।
এসব যত্নকেন্দ্রে একজন করে শিশু যত্নকারী (কেয়ার গিভার) ও একজন করে সহকারী যত্নকারী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শিশুদের সাঁতার শেখাতে এক হাজার ৬০০ সাঁতার প্রশিক্ষকও থাকবেন। তিন বছর মেয়াদি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি ৮২ লাখ ৫৭ হাজার টাকা। বেসরকারি সংস্থা ও সরকারের অন্যান্য দপ্তরের সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশু একাডেমির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের পরামর্শক হিসেবে থাকা বাংলাদেশ শিশু একাডেমির শিশুর প্রারম্ভিক বিকাশ (ইসিডি) বিষয়ক বিশেষজ্ঞ মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, সেন্টারগুলো একেবারে কমিউনিটি বেইজড হবে। সেখানকার নারীরাই হবেন কেয়ার গিভার। কেয়ার গিভারদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। স্থানীয়ভাবে কেন্দ্র ব্যবস্থাপনার জন্য কমিটি করে দেওয়া হবে।