

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতায় ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিগগিরই এমন ঘোষণা দিতে পারে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার এনপিআর-এর এক রিপোর্টার টুইটারে উল্লেখ করেছিলেন, মার্কিন প্রশাসন বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।
পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা জুন মাসে বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী মনে করে ক্লাস্টার বোমা ইউক্রেনকে সরবরাহ করা হলে তা রুশ বাহিনীকে পিছু হটিয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে। তবে কংগ্রেসের বিধিনিষেধ এবং মিত্রদের মধ্যে উদ্বেগের কারণে কিয়েভে এমন অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদিত হয়নি।
ডুয়েল-পারপোজ কনভেনশনাল ইমপ্রোভড মিউনিশন্স (ডিপিআইসিএম) পাঠানোর অনুমোদন দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর চাপ দিতে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।