

ডেস্ক রিপোর্ট: মাঝে লম্বা সময় বন্ধ থাকার পর ফের ঢালিউডে দেখা দিয়েছে পাইরেসি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ পাইরেসি হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যা সংশ্লিষ্টদের জন্য বড় ক্ষতি নিঃসন্দেহে। তবে ইতোমধ্যে তোড়জোড় চালিয়ে অপরাধের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল হোতা এখনও অধরা!
ঢালিউডে পাইরেসি বন্ধে মুখ্য ভূমিকা রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের সার্ভার বসানোর পর থেকে সেভাবে আর পাইরেসি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তাই ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় জাজকর্তা আজিজের অভিযোগ, নতুন পরিবেশকের মাধ্যমে মুক্তি দেওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
গত ২৭ জুলাই জাজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় আব্দুল আজিজ বলেছেন, “গত পাঁচ বছরে কোনও সিনেমা হল থেকে পাইরেসি হয়নি। তাহলে ‘সুড়ঙ্গ’ কেন পাইরেসি হলো? কারণ, ‘সুড়ঙ্গ’ জাজের সার্ভারে রিলিজ হয়নি। অন্য নতুন এক কোম্পানির সার্ভারে রিলিজ হয়েছে। জাজের সার্ভার থেকে কেউ কপি করেতে পারে না। জাজের সার্ভারে একবার এনক্রিপ্টেড হয়ে গেলে জাজের পক্ষেও কপি করা সম্ভব না। যদি কেউ কপি করতে পারে, তাহলে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা আমরা আরও ৭ বছর আগেই দিয়ে রেখেছি। আর হল থেকে ভিডিও রেকর্ডিং হলে, সেই হলের নাম চলে আসবে। তাই জাজের সার্ভারে চলা কোনও সিনেমা হল কর্তৃপক্ষ পাইরেসি করতে দেবে না।”