

নিউইয়র্ক প্রতিনিধি: মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে নানা কর্মসূচী হাতে নিয়েছেন। এ সময়ে যা করতে পেরেছেন তাতে তিনি বেশ সন্তুষ্ট। নিউইয়র্ক সিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার অঙ্গীকার পূরণে ভবিষ্যতে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করতে চান তিনি।
এরিক অ্যাডামসের ভাষ্য : নিউইয়র্ক সিটিতে আমাদের প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে খাদ্য সরবরাহ পর্যন্ত সর্বত্র এখন বিপ্লব ঘটাচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন। ই-বাইক এবং ই-স্কুটার হলো গাড়ির একটি সুবিধাজনক এবং কম খরচের বিকল্প। এগুলো রাস্তায় যানজট কমাতে এবং শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে সাহায্য করে। হাজার হাজার সরবরাহকর্মী তাদের জীবিকা নির্বাহের জন্য এগুলোর উপর নির্ভর করে এবং আমরা সবাই পণ্য সরবরাহের সময় তাদের উপর নির্ভর করি।
এখানে ই-বাইক থাকে। আমাদের শহর সেগুলো সংরক্ষণ ও রিচার্জ এবং রাস্তায় সকলের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করতে চায়। শহরের বেশিরভাগ ই-বাইক এবং ই-স্কুটার নিরাপদ হলেও কিছু কিছু আছে যেগুলো নিরাপত্তার মান পূরণ করে না এবং সেগুলোতে স্বীকৃতিপ্রাপ্ত লিথিয়াম-আয়ন ব্যাটারি নেই।
এই ত্রুটিপূর্ণ ব্যাটারিই প্রায় বিষ্ফোরণ ও আগুন লাগার কারণ এবং নিউইয়র্কবাসী ও ব্যবহারকারীদের বিপদে ফেলছে। গত সপ্তাহে সিটি কাউন্সিল ও আমাদের প্রশাসন নিউইয়র্কবাসী ও সরবরাহকর্মীদের এই ত্রুটিপূর্ণ ডিভাইসের ভয়াবহতা থেকে রক্ষা করার ব্যবস্থা নিয়েছে। পথচারী ও সাইকেল চালকদের বিপদে ফেলে এমন অবৈধ বৈদ্যুতিক মোপেডগুলোর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি।