

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত দলের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেছেন ব্যারিস্টার গহর খান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই নেতা গহর খান বলেন, আজ খান সাহেবের সঙ্গে বৈঠকের পর পিটিআই সিইসির পদত্যাগ দাবি করছে। একদিনও তার দায়িত্বে থাকার কোনও অধিকার নেই। তিনি বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে আয়োজনে ব্যর্থ হয়েছেন সিইসি। কোনও হস্তক্ষেপ ছাড়া নির্বাচনি অনিয়মের সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে। তিনি বলেছেন, আমরা জনগণের ম্যান্ডেট অনুসারে নির্বাচনের ফলাফল চাই।