

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিউ জিল্যান্ডের একটি দুগ্ধ কোম্পানিকে তাদের পণ্যগুলোতে স্থানীয় উৎপাদিত বলে উল্লেখ করে আমদানিকৃত ভারতীয় মাখন ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়েছে। তাদেরকে ৪ লাখ ২০ হাজার নিউ জিল্যান্ড ডলার (প্রায় ২ লাখ ৬১ হাজার মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার (২৬ আগস্ট) নিউ জিল্যান্ডের কমার্স কমিশন জানায়, মিলকিও ফুডস লিমিটেড নামক কোম্পানিটি তাদের শতভাগ খাঁটি নিউ জিল্যান্ড ঘি পণ্যে ব্যবহৃত মাখনের উৎস সম্পর্কে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। হ্যামিল্টনভিত্তিক মিলকিও কোম্পানি ফেয়ার ট্রেডিং অ্যাক্টের ১৫টি লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এর মধ্যে মিথ্যা তথ্য উপস্থাপন এবং অনুমোদন ছাড়াই নিউ জিল্যান্ডে তৈরি পণ্য চিহ্নিত করার জন্য ব্যবহৃত ফার্নমার্ক লোগোর ব্যবহার অন্তর্ভুক্ত ছিল।