জমকালো আয়োজনে পর্দা উঠলো যুক্তরাজ্যের সর্ববৃহৎ সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি

Manual8 Ad Code

বার্মিংহামের পেরি হল পার্ক মাঠে ১১ আগস্ট অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ক্রিকেট আসর সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন।

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (CPAM-UK) এর আয়োজনে এ টুর্নামেন্ট রূপ নেয় এক মিলনমেলায়। বার্মিংহাম ও আশপাশের শহর থেকে বিপুল দর্শক, শুভানুধ্যায়ী ও কমিউনিটি নেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

উদ্বোধনী খেলায় ছিল উৎসবমুখর পরিবেশ ও তীব্র উত্তেজনা। আয়োজকদের ভাষ্যে, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ব্রিটিশ-বাংলাদেশি তরুণ খেলোয়াড়দের একত্রিত করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা।

Manual8 Ad Code

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। বিশেষ আকর্ষণ হিসেবে খেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান জনপ্রিয় ক্রিকেটাররা—মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আকবর আলী, জাহিদ হোসেন ওমি, রুহেল মিয়া ও রাসেল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন CPAM-UK সভাপতি সালেহ আহমদ। প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন সালাহউদ্দিন আহমেদ সবুজ। স্বাগত বক্তব্যে সংগঠনের সেক্রেটারি সৈয়দ করিম রুমেল টুর্নামেন্টের স্পন্সর, অংশগ্রহণকারী ক্লাব ও সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা মুরাদ আহমদ, সহ-সভাপতি আখলাসুল মোমিন, নুমান আহমদ দোয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কারিম ছায়েম, সিনিয়র সদস্য জাকির হোসেন, হুমায়ুন রশিদ, ক্রীড়া সংগঠক ও আম্পায়ার আহাদ আহমদ চৌধুরী, ক্রীড়া সংগঠক জুয়েল আহমদ ও শামীম আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও খেলোয়াড়রা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Manual7 Ad Code

প্রথম রাউন্ড শেষে চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করে—এবিএম মৌলভীবাজার, নর্থ লন্ডন ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ইস্ট লন্ডন মাইটি টাইগার্স এবং বার্মিংহাম বেঙ্গল টাইগার্স।

Manual2 Ad Code

আগামী ২৬ আগস্ট, বুধবার লন্ডনের ফোর্ড স্কয়ার মাঠে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জমকালো আয়োজনে পর্দা উঠলো যুক্তরাজ্যের সর্ববৃহৎ সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code