নিজস্ব প্রতিবেদক
ফুটবলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা এই জয় উদযাপন করেছেন রাতভর। বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।
আর শমিত সোম পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাড়িতে হাজির হয়েছেন।
ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসেন। উইন্ডো শেষে দ্রুত ক্লাবে ফিরতে হয় তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে আবারও হামজাকে দেখতে আরও চার মাস অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।
হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও বাংলাদেশে কয়েকদিন কাটাবেন শমিত সোম। কানাডার লিগে বিরতি রয়েছে কয়েকদিন। এজন্য তিনি পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গেছেন।
এলাকাবাসী জানান শ্রীমঙ্গলের অহংকার, এলাকার গর্বিত কৃতি সন্তান শমিত সোম বুধবার শ্রীমঙ্গলের উত্তরসুর নিজ বাড়িতে ফিরছেন। তার আগমনে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের জোয়ার।
দেশে ফেরার পর শমিত সোম এক প্রতিশ্রুতি দিয়েছিলেন-“ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয় উপহার দেব।”
শমিত সোম সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। মাঠে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশি–কানাডিয়ান শমিত সোম খেলেছেন যেন এক দক্ষ সেনাপতি, দুর্দান্ত পজিশন সেন্স, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি, রেড কার্ড আদায়, মাঠের প্রতিটি মুহূর্তেই তিনি এনে দিয়েছেন বাংলাদেশের জন্য সব ধরনের এডভান্টেজ।
আমেরিকান প্রবাসী জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) বাবার সঙ্গে ঢাকা ত্যাগের সূচি রয়েছে।
স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন। তারাও যোগ দিচ্ছেন স্ব স্ব ক্লাবে। এখনই বিশ্রামের সুযোগ নেই। কারণ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।