ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির ১ বিলিয়ন ডলারের অর্থায়ন, চুক্তি সই

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটিতে আইএসডিবি মোট ১,০০৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে।

Manual1 Ad Code

প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এতে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন অপরিশোধিত তেল শোধনাগার। ১৯৬৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। শোধনাগারটির আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা দীর্ঘদিনের।

২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে নানা জটিলতায় প্রকল্পটি বারবার পিছিয়ে যায়। নতুন অর্থায়ন চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিনের এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রগতি হলো।ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়লে দেশের পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের চাহিদা পূরণে স্থানীয় উৎপাদনের অংশ বাড়বে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসডিবি গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন।

Manual2 Ad Code

চুক্তি স্বাক্ষরের পর আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনে দুই পক্ষের সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।আইএসডিবি গ্রুপের চেয়ারম্যানের এই সফরকে ঘিরেই চুক্তিটি সই হয়েছে। ২ সেপ্টেম্বর ঢাকায় আসেন তিনি। ২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Manual4 Ad Code

এর আগে আজারবাইজানের বাকুতে গত জুনে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের অনুমোদন দেওয়া হয়।চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী আইএসডিবির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। দীর্ঘদিনের আলোচনার পর ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে বড় অঙ্কের অর্থায়নের চুক্তি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code