

ডেস্ক রিপোর্ট: পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন ব্রাজিলিয়ান তারকা। সেভিয়াকে হারিয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ের নায়ক তিনি। ম্যাচে জালের দেখা না পেলেও. দলের শেষ দুই গোলে সহায়তা করেন আরেক তারকা লামিন ইয়ামাল। প্রথম সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একটি করে ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে ও রিয়াল বেতিস তিনে আছে। এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়ার গোল হলো সাত ম্যাচে ১২টি, সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আট ম্যাচে তার গোল হলো ১৪টি।